নাগরিক রিপোর্ট: বরিশাল বিএনপির শীর্ষ নেতা কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান রহমান সরোয়ারের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা অনুষ্ঠানে হাতাহাতি করেছে ছাত্রদলের দুই গ্রæপ। এতে অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শুক্রবার রাত ১০টার দিকে মজিবর রহমান সরোয়ারের বাসভবন সংলগ্ন পশ্চিম কাউনিয়া মজিদুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর অনুসারীদের মধ্যে এ হাতাহাতি হয়। বিদ্যালয়ের বারান্দায় দুই পক্ষ পাল্টাপাল্টি শ্লোগান দেয়ার এক পর্যায়ে এক পর্যায়ে তারা হাতাতিতে লিপ্ত হয়। সোহেল রাঢ়ীর অনুসারী মাসুম, তাজ ও রয়েল এবং মিঠুর অনুসারী কাদের, রাহাত ও শামীমসহ তাদের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পরে। এ ঘটনায় ক্ষুব্ধ হন বিএনপি নেতা সরোয়ার।
এ প্রসঙ্গে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, সরোয়ার ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। এক গ্রæপকে ধাক্কা দিয়ে আর অপর গ্রæপ সংবর্ধনা অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে এ অনাকাংখিত ঘটনা ঘটেছে।
জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, সোহেল রাঢ়ীর নেতৃত্ব সাধারন কর্মীরা মানেনা। এ নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।
এব্যপারে মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, বড় দলের বিশাল কর্মী বাহিনীর মধ্যে কিছুটা মনোমালিন্য হতেই পারে। শুক্রবার রাতে এরকম কিছু হওয়ার পর তাৎক্ষনিক মিটিয়ে দেয়া হয়েছে।
