হেফাজতের নেতৃত্বে বাবুনগরী-কাসেমি

Spread the love

নাগরিক রিপোর্ট: হেফাজতে ইসলামের নতুন আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব মাওলানা নূর হোসেন কাসেমিহেফাজতে ইসলামের নতুন আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব মাওলানা নূর হোসেন কাসেমি

হেফাজতে ইসলামের নতুন আমির হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি অরাজনৈতিক এই সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। ১৫১ সদস্যের নতুন এই কমিটির মহাসচিব হয়েছেন মাওলানা নূর হোসেন কাসেমি। নতুন কমিটিতে ৩২ জন নায়েবে আমির, চারজন যুগ্ম মহাসচিব, ১৮ জন সহকারী মহাসচিব ও ১০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর অনুসারীদের ছাড়াই হাটহাজারী মাদ্রাসার শিক্ষা ভবনে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় হেফাজতের কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) শুরু হয়। বেলা আড়াইটায় এই সম্মেলন শেষ হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, গত ১৮ সেপ্টেম্বর হেফাজতের আমির আল্লামা শফীর মৃত্যুর পর আমিরের পদটি শূন্য হয়ে যায়। নতুন আমির ও মহাসচিবসহ পুরো কমিটি ঘোষণা করতে সারা দেশ থেকে আসা সাড়ে তিন শতাধিক আলেম কাউন্সিলর হিসেবে কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেন। তারাই শূরা কমিটিরও সদস্য। সম্মেলনে এই কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জুনায়েদ বাবুনগরী আমির ও নূর হোসেন কাসেমি মহাসচিব নির্বাচিত হয়েছেন। মোট ১৫১ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ৫৯ দিন পর কওমি অঙ্গনের শীর্ষ অরাজনৈতিক সংগঠন হেফাজতের এই কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। আল্লামা শফীর অনুসারীরা সম্মেলনে যোগ না দেয়ায় সম্মেলনকে ঘিরে কোনো উত্তাপ-উত্তেজনা ছিল না। শান্তিপূর্ণ পরিবেশেই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনকে কেন্দ্র করে হাটহাজারী মাদ্রাসাসহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

হাটহাজারী মডেল থানার ইন্সপেক্টর রাজীব শর্মা বলেন, হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য হাটহাজারী মাদ্রাসাসহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *