নাগরিক রিপোর্ট: জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও ভাবীকে নির্মমভবে কুপিয়েছে ছোট ভাই। হামলাকারী নুরু বাবুচী একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাদন্ড ভোগ করে সম্প্রতি মুক্তি পেয়েছে। হামলায় বড় ভাই দুলাল বাবুর্চীর বাম পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে শনিবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত দুলাল বাবুর্চী ও তার স্ত্রী নিলুফা বেগমকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলাল বাবুর্চি ও হামলাকারী নুরু বাবুর্চি কোড়ালিয়া গ্রামের মৃত হাসেম বাবুর্চির ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. পলাশ জানান, শনিবার রাত ৯টার দিকে দুলাল মোটরসাইকেলযোগে উপজেলার কাউরিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে প্রবেশের সড়কে ঢোকার সঙ্গে সঙ্গে আগে থেকে ওৎ পেতে থাকা তার ছোট ভাই নুরু ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলেপাতারি আঘাত করতে থাকে। এতে দুলাল মাটিতে লুটিয়ে পড়ে। তার বাম পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করা হয়। এ সময় দুলালের স্ত্রী নিলুফা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে নুরু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, নূরু দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে। অস্ত্র মামলায় দন্ডিত হয়ে কারাভোগ করে সম্প্রতি সে মুক্তি পেয়েছে। এর আগেও সে একাধিকবার কারাগার থেকে মুক্ত হয়ে একইভাবে সন্ত্রাসী কর্মকান্ড করেছে। শনিবার রাতের ঘটনার পরপরই পরিদর্শক (তদন্ত) ফারুক উল ইসলামের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নূরুকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
