নাগরিক রিপোর্ট: ২ বছরের শিশু কন্যাটির লাশ পড়ে ছিল খাটের ওপর। পাশেই আড়ার সঙ্গে ঝুলছে মায়ের লাশ। বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ পৌর শহরে একটি বাড়ি থেকে এভাবেই উদ্ধার হলো মা-মেয়ের লাশ। নিহতরা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী-সন্তান। তাদের নাম সালমা বেগম (২৫) ও তার সন্তান আফ্রিন (২)। ঘটনার রাতে গৃহকর্তা আমজাদ হোসেন বাড়িতে ছিলেন না বলে দাবী করেছেন।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সন্তানকে গলাটিপে হত্যার পর মা সালমা বেগম আত্মহত্যা করেছে। তবে মা-মেয়ে নিহতের ঘটনার রহস্যজনক উদঘাটনে তদন্ত চলছে। গৃহকর্তা আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
আমজাদ হোসেনের মা শ্বাশুরী রোকেয়া বেগম জানান, তার ছেলে কাঠের ব্যবসা করেন। বুধবার রাতে স্ত্রী সালমা বেগমের সঙ্গে আমজাদের প্রচন্ড ঝগড়া হয়। রাতে আমজাদ ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশ্ববর্তী বোনের বাড়িতে ঘুমান। সকালে তিনি (রোকেয়া) ছেলের কক্ষে ঢুকে দেখতে পান খাটের ওপর ওপর নাতি আফ্রিনের নিথর দেহ পড়ে আছে। আড়ার সঙ্গে ঝুলছে ছেলে বউ সালমা বেগম। রোকেয়ার ডাক চিৎকারের বাড়ির অন্যন্য ঘর থেকে লোকজন ছুটে আসে। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করেছে।
২০২০-১২-০৩
