‌’পাপুলের সাজা দেশের জন্য লজ্জার’

Spread the love

নাগরিক ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুয়েতের আদালতে বর্তমান সংসদের একজন এমপির সাজা হওয়ার ঘটনা দেশের জন্য লজ্জার। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এমপির সাজার ঘটনায় সরকারের টনক না নড়লেও এটি দেশের জন্য লজ্জার। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া পাপুলের মতো এমপিরা বেপরোয়া দুর্নীতি করার সাহস পেত না।

বন্দর নগরের ৭৮ শতাংশের বেশি ভোটার নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, নির্বাচন শেষ হওয়ার ১০ ঘণ্টা পরে রাত পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফলাফল দিতে সর্বোচ্চ এক-দুই ঘণ্টার বেশি লাগার কথা নয়।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের আপন ছোট ভাই আবদুল কাদের মির্জা গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কোম্পানীগঞ্জে নাগরিক সভায় বলেছেন, ওবায়দুল কাদের সাহেব পদ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। আপনি মানুষের চোখে ধুলো দিয়ে কতদিন টিকে থাকবেন। কিসের সুষ্ঠু নির্বাচন হয়েছে? চট্টগ্রামে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রক্তপাত হয়েছে। এটাকে মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, কিছু দিন আগে ৪০ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কমিশনের প্রতি যে অভিযোগের আঙুল তুলেছেন এবং বিচার দাবি করে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র দিয়েছেন তার যৌক্তিকতার প্রমাণ তারা নিজেরাই বারবার দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *