বরিশালে বিনামূল্যে করোনা ভ্যাক্সিন ও চিকিৎসা সেবা দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে সাধারন মানুষের মধ্যে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন প্রদান এবং শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নত করার দাবী জানানো হয়েছে। এ দাবীতে বুধবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সমাবেশে বক্তারা বলেছেন, বিভিন্ন বাহিনী ও আমলাদের অগ্রাধিকার না দিয়ে সর্বস্তরের বয়স্ক, অসুস্থ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিয়ে করোনার টিকা দেয়া হলে এর সুফল বেশী পাওয়া যাবে।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসার জায়গা শেবাচিম হাসপাতাল। সেখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক। এমআরআই, সিটিস্ক্যান, আল্ট্রাসাউন্ড মেশিন দীর্ঘবছর যাবত অচল হয়ে আছে, বার্ন ইউনিটসহ বিভিন্ন ইউনিটে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক নেই।

আই.সি.ইউ’র মতো গুরুত্বপূর্ন বিভাগটি মাত্র একজন চিকিৎসক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে। সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান আরও খারাপ। বক্তারা শেবাচিম ও সদর হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর জন্য জোর দাবি জানান।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন ও শন্তু মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *