নাগরিক রিপোর্ট : বরিশাল নগরীর নাজির মহল্লায় সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে অন্যরকম এক বিয়ের অনুষ্ঠান। জমজ দুই বোনকে বিয়ে করেছেন জমজ দুই ভাই। এ বিয়ে নিয়ে ওই মহল্লায় যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেমনি নগর জুরেও ছিল আলোচনার অন্যতম বিষয়।
জমজ দুই বোন হলেন নাজির মহল্লার স্বপন কর্মকারের মেয়ে সোনালী কর্মকার ও রূপালী কর্মকার। সোনালীকে বিয়ে করেছেন সজল কর্মকার ও সোনালীর বোন রূপালী কর্মকারকে বিয়ে করেছেন কাজল কর্মকার। সজল ও কাজল পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার ইন্দেরহাট এলাকার প্রয়াত নিখিল কর্মকারের ছেলে।
পরিবারিক সূত্র জানায়, মাস কয়েক আগে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ের পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোমবার রাতে নির্ধারিত দিনে জাকজমক পূর্ন আয়োজনে ধর্মীয় রীতিতে অনুষ্ঠিত হয় বিয়ে।
নাজির মহল্লা এলাকার বাসিন্দা রিপন গুহ জানান, জমজ ভাইদের সঙ্গে জমজ বোনদের বিয়ে বিরল ঘটনা। এতে এলাকার সকলে আনন্দিত। ভিন্ন মেজাজের এ বিয়ের অনুষ্ঠান দেখতে পাড়া-পড়শিসহ আশপাশের অনেকেই এসেছিলেন। আমন্ত্রিত না হয়েও অনেকেই আগ্রহ ভরে সময় কাটিয়েছেন বিয়ের আসরে। দুই জমজ কনের বাবা স্বপন কর্মকার নব দম্পত্তির জন্য সকলের কাছে আর্শিবাদ চেয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (১৯ নং) ও বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু বলেন, জমজ দুই বোনের সঙ্গে দুই জমজ ভাইয়ের বিয়ের বিষয়টি বিরল এবং খুবই আনন্দের। এ বিয়ে ওই দুই দম্পত্তির জীবনে এক অনন্য ইতিহাস হয়ে থাকবে। বিয়ের পরও একই পরিবারের থাকবেন দুই বোন। যা সচরাচর দেখা যায়না। তিনি দুই নব জমজ দম্পত্তির সুখী সমৃদ্ধ জীবন কামনা করেন। ##
