আল জাজিরা বন্ধে আদালতে রিট, কাল শুনানী

Spread the love

নাগরিক ডেস্ক : বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি হবে আগামীকাল বুধবার সকালে। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান রিটকারী আইনজীবী এনামুল কবির ইমন।
গতকাল সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনপত্র হিসেবে আজকের দৈনন্দিন কার্যতালিকায় ৫২৪ নম্বর ক্রমিকে রিটটি থাকতে দেখা যায়।
আজ সকালে আদালতের কার্যক্রম শুরু হলে বিষয়টির গুরুত্ব তুলে ধরে রিটের ওপর আজই শুনানির আরজি জানান রিট আবেদনকারী আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে প্রথমে আজ বিকেল পৌনে ৪টায় সময় শুনানির সময় নির্ধারণ করা হয়। পরে তা পিছিয়ে আগামীকাল সকালে নেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানান, রিটে দেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়ার পাশাপাশি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে সম্প্রচারিত প্রতিবেদনটি ইউটিউব, ফেসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়।

প্রসঙ্গত, আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *