মাহে রমজান ১৪ এপ্রিল!

Spread the love

নাগরিক ডেস্ক :
পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্বের সর্বাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটি বলছে, আগামী ১৩ এপ্রিল পালন করা হবে প্রথম রোজা। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে এ তারিখ ঘোষণা করা হয়। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংস্থাটি জানায়, আগামী ১৩ এপ্রিল প্রথম রোজা পালন করবে ইন্দোনেশিয়া। আরব বিশ্বেও ওই দিন রোজা শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।

সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেছে। তাদের ঘোষণা অনুযায়ী এ বছর পবিত্র রমজান শুরু হচ্ছে আগামী ১৩ এপ্রিল রোজ মঙ্গলবার।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে (বৃহস্পতিবার)। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এ ছাড়াও তাদের গণনা হিসেবে জিলহজ মাসের সূচনা হবে আগামী ১১ জুলাই (রোববার)। আরাফার দিন হবে ১৯ জুলাই (সোমবার)। কুরবানির ঈদ পালিত হবে ২০ জুলাই (মঙ্গলবার)।

তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৪ এপ্রিল (বুধবার)। ১৩ মে (বৃহস্পতিবার) শুরু হবে শাওয়াল মাস।

উল্লেখ্য, রমজানের রোজা, ঈদ, কুরবানি-এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *