নাগরিক রিপোর্ট:
কারাবন্দী অবস্থায় লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
বাসদ জেলা শাখার সদস্য কাজল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবি ও লেখক হেনরি স্বপন, জেলা বাসদের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটির মত কালো আইনে গ্রেফতার করে কারাবন্দি অবস্থায় লেখক ও কার্টুনিস্ট মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রমাণ করে সরকার বিরোধী মতের প্রতি অসহিষ্ণু। ৫৩ বছর বয়সী ও শারীরিকভাবে অসুস্থ লেখক মুশতাক আহমেদের জামিনের জন্য ১০ বার আবেদন করেও মুক্তি মেলেনি। অবশেষে কারাবন্দি অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হলো। এই রাষ্ট্র তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
বক্তারা মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
