নাগরিক ডেস্ক : নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার পরমর্শ দেয়ার এমপি আ.স.ম ফিরোজের অডিও বক্তব্য ভাইরাল হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। সাংসদ তার ভাতিজা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল হক আলকাস মোল্লাকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন হাওলাদারকে নির্বাচন থেকে সরে যাওয়ার পরমর্শ দেন। সম্প্রতি এমপির বাসায় এমন কথবর্তা হয় বলে জানা গেছে। ৯ মিনিট ৪৮ মিনিটের ওই অডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাউফলের আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অডিওতে বক্তব্যে নৌকার প্রার্থী আমির আলীকে উদ্দেশ্য করে আসম ফিরোজ বলেন, ‘ভোট যদি একেবারে স্বর্তস্ফুতভাবে হয় তুমি হারবা। এসময় আমির হোসেন এমপিকে উদ্দেশ্য করে বলেন,‘শোনেন ভোট নিরপেক্ষ হলে আমি বিজয়ী হবো।’ এমপি ফিরোজ অনেকটা উত্তেজিত হয়ে বলেন,‘এসমস্ত কথাবার্তা কইওনা। তুমি স্বাস্থ্যগতভাবে ঠিক নাই। লেখাপড়া জানোনা। তোমারে একবার সুযোগ দিয়েছিলাম চেয়ারম্যান হইতে পারনাই। আলকাস মোল্লা (এমপির ভাতিজা) চেয়ারম্যান হয়েছে। ও মাস্টার্স পাশ করা ছেলে। ওর বউও মাস্টার্স পাস। ওর জন্য চন্দ্রদ্বীপের লোকজনের মধ্যে আনন্দ চলছে। এসময় নৌকার পক্ষে এক ব্যক্তি বলেন, হুইপ সাইবের ভাইর ছেলে বলে তাকে (আলকাস মোল্লাকে) মানুষ ভয় করে। এ কথা শেষ হতে না হতেই এমপি ফিরোজ উত্তেজিত হয়ে বলেন, এগুলো বলো আমাকে ছোট করো কেন? নৌকা শেখ হাসিনা তোমাকে দিছে, কিন্তু আলকাস ভালো প্রার্থী। ও (আলকাস) গতবার বিদ্রোহী প্রার্থী ছিলো বলে এবছর ওরে মনোনয়ন দেয়া হয়নি। আমার কাছে ওর সম্পর্কে কোন বাজে কথা বলোনা। আমার কাছে বাজে কথা বললে জুতা পেটা করবো।
এমপি ফিরোজের এ কথাবার্তা বলার পরে নৌকার প্রার্থী আমির আলী বলেন, তা হলে কি আমি ভোট বর্জন করেবো? এসময় আসম ফিরোজ বলেন, তুমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। যদি তুমি সম্মান বাঁচাতে চাও তা হলে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নেতাকর্মীদের ডাকো। নেত্রীকে ধন্যবাদ জানিয়ে বলবা, আমার স্বাস্থ্য খারাপ। তাই নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে চাই। যেহেতু আলকাস মোল্লা গতবার নির্বাচিত হইছে তাই আমি মনে করি উন্নয়নের জন্য তাকে ভোট দেয়া উচিৎ।
এ অডিও বক্তব্যের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আমির আলী হাওলাদার বলেন, ‘এমপির বাসায় বসে তার সঙ্গে এ সংক্রান্ত কথাবার্তা হয়েছে। তখন আরও লোকজন ছিল। কে বা কারা সেই কথা রেকর্ড করেছে তা আমি জানিনা। আমি নৌকা মার্কা নিয়ে শেষ পর্যন্ত মাঠে আছি, থাকবো এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবো।
এ অডিও বক্তব্যের বিষয়ে বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ গণমাধ্যমকে বলেছেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের নৌকার প্রার্থী আমির আলী হাওলাদার তার কাছে এসে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ্য। প্রচার প্রচারনা চালাতে সমস্যা হচ্ছে। এসময় তাকে পরমর্শ দিয়েছি যে, ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হকের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে দুজনের মধ্যে কে নির্বাচনী মাঠে থাকবা। এমপি ফিরোজ বলেন, আমির আলীকে আরও বলেছি, ‘যদি তুমি বিজয়ী হয়ে আসতো পারো তাহলে আমি সবচেয়ে বেশী খুশি হবো’। এদিকে আ.স.ম ফিরোজ এমপি আরও দাবী করেছেন, তিনি যখন নৌকার প্রার্থী আমির আলীর সঙ্গে কথা বলেছেন তখন কেউ ছিলনা। তার অডিও ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, আ.স.ম ফিরোজ এমপি নৌকার প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে বললে গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন।
উল্লেখ্য আগামী ২১ জুন অনুষ্ঠব্য ইউপি নির্বাচনে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে নৌকা প্রতীকে আমির আলী হাওলাদার, আনরাস প্রতীকে এনামুল হক (আ.স.ম ফিরোজ এমপি চাচাত ভাইয়ের ছেলে) এবং তার স্ত্রী মোসামৎ মুনমুন চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।##
২০২১-০৬-১৫
