নগরীর সড়কে হাটু পানি, ড্রেনে মশার খামার!

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীর খাল, ড্রেন-সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সড়কে হাটু পানি, খাল ড্রেনে পরিনত হয়ে মশার খামারে সৃস্টি হওয়ার প্রতিকার চেয়ে অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দ অনতিবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য সিটি করপোরেশনের প্রতি দাবী জানিয়েছে। বৃহস্পতিবার বাসদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।


সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের চৌমাথা শাখা সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক সংগ্রাম কমিটি ২২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রফিকুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোকলেছুর রহমান প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের ২২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার।


সমাবেশে বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, লোহার পোল, শেরে বাংলা সড়ক, কাজীপাড়ায় বৃষ্টি হলেই হাটুপানি জমে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। এরই মধ্যে জিয়া সড়কের খাল ড্রেনে পরিণত হয়েছে। ড্রেনগুলো যেন মশার খামার। জনগনের দুর্ভোগ নিরসনে ওয়ার্ড কমিশনার বা মেয়র সাড়ে ৩ বছরে কোন উদ্যোগ নেননি।

তাই পরিপূর্ণ নাগরিক সেবা নিশ্চিতে অবিলম্বে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সকল সড়ক, ড্রেন, খাল সংস্কার ও পুনরুদ্ধারের জোর দাবি জানান।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর ২২ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দাবি আদায়ে স্থানীয় কাউন্সিলর বরাবর স্মারকলিপি পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *