খালেদা জিয়ার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি

Spread the love

নাগরিক ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ। আজ সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।’

খালেদা জিয়া হাসপাতালের কেবিনে আছেন জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ জানান, হাসপাতাল ও মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি। খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার প্রমুখ নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকাল রোববার বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছায়।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *