বরিশাল:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপ রোববার মুখোমুখী অবস্থান নিয়েছিল। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য আইনশৃংখলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী গ্রুপ সিফাত-রুমান এবং ইমন-জিসান গ্রুপের একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু ওই গ্রুপটি এখন কোনঠাসা হয়ে পড়েছে। দলে ভারী হচ্ছে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির অনুসারী রক্তিম-জিহাদ গ্রুপ। সোমবার ববিতে গুচ্ছ পদ্বতির গ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে তাদের উপস্থিতি ও কর্মকাণ্ড ছিলো লক্ষনীয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে মন্ত্রীর গ্রুপ বসিয়েছে হেল্প ডেস্ক।
অবশ্য ভর্তি পরীক্ষা উপলক্ষে সিটি মেয়রের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় টু রূপাতলী ও নথুল্লাবাদ রুটে দেয়া হয়েছে ফ্রি বাস সার্ভিস এবং বসানো হয়েছে তথ্য ও সহায়তা সেল। ভর্তি পরীক্ষার্থীদের জন্য করেছেন শুভেচ্ছা মিছিল।
সোমবার ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে প্রতিমন্ত্রীর অনুসারী গ্রুপ প্রবেশ করার চেষ্টা করলে প্রথমে বাঁধা দেয়া হয়। পরবর্তীতে শান্তিপূর্ণ কর্মকাণ্ডের শর্তে সাময়িক সময়ের জন্য ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম।
এ বিষয়ে প্রতিমন্ত্রীর অনুসারী ছাত্রলীগ কর্মী অমিত হাসান রক্তিম বলেন, আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই। অনেকেই আমাদের গ্রুপে যোগ দিয়েছেন। তাদেরকে একত্রিত করার জন্য এই কর্মকাণ্ড ও মিছিল।
অন্যদিকে সিটি মেয়রের অনুসারী ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম নিলয় বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল করেছেন। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ১০ টি বাস সার্ভিস দেয়া হয়েছে।
