নাগরিক রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পরী মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অনেকে মন্তব্য করেন যে আমরা আওয়ামিলীগের দালালী করি। কিন্তু তাদের জেনে রাখা দরকার আমরা আলীগ-বিএনপির দালালী করিনা বরং ইসলামের বিজয়ের জন্য রাজনীতি করি। বাংলাদেশের ওলামায়ে কিরামের প্রতি আমার অনুরোধ, আসুন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ হই। শনিবার চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব তথা বলেন।
এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমূখ।
দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার বুলি শোনালেও সংসদে প্রতিনিধিত্ব করছে। আবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন না করলেও তাদের নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে। এর মাধ্যমে বিএনপির বর্ণচোরা রাজনীতি প্রকাশ পাচ্ছে।
তিনি আরো বলেন, জনগনকে সাথে নিয়ে আমরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করবো, কিন্তু বিএনপির ফাদে পা দেবোনা। কারণ আজ আওয়ামিলীগ যা করছে বিএনপি অতীতে এর চেয়ে মোটেও কম করেনি। আজ রোববার সকালে মাহফিল মাঠে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।
