নাগরিক রিপোর্ট:
৫০ ভাগ মহার্ঘ্যভাতাসহ বিভিন্ন দাবীতে বরিশালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যেগে শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচী পালিত হয়। শিক্ষক-কর্মচারীরা অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশে বেসরকারি শিক্ষাখাতে কাংক্ষিত উন্নয়ন হয়নি। শিক্ষা ব্যয় ক্রমশ সাধারন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বাজার দরের সঙ্গে সামজঞ্জ্য নয়। তাদের বদলী ব্যবস্থঅ না থাকায় সারাজীবন একই স্থানে থেকে চাকুরী করতে হচ্ছে। এমপিওভূক্ত না হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ১০-১২ বছর ধরে বেতন পাচ্ছেন না। তারা মানবেতর জীবন যাপন করছেন।
সমাবেশে বক্তারা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্যভাতা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বেসরকারি উচ্চমাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সহকারি অধ্যাপক পদবী চালু, নন এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করা, শিক্ষা মন্ত্রনালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, মাউশিসহ শিক্ষা অফিসগুলোতে শিক্ষক কর্মচারীদের হয়রানী বন্ধ, যানবাহনে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের হাফভাড়া প্রদানসহ শিক্ষা জাতীয়করনের দাবি জানিয়েছেন।
শিক্ষক কর্মচারী ফেডারেশন সমিতির বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা হানিফ হোসেন তালুকদার, প্রনব বেপারী, শাহ আলম, তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফারহানা তিথি, মো. শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।
