নাগরিক রিপোর্ট:
যথাযোগ্য মর্যাদায় বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ বছরের প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর টর্চার সেলের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সর্বস্তরের মানুষ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোভযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রের পক্ষে অভিভাদন গ্রহন করে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর যথাক্রমে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জাজামান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা শোভাযাত্রা করে সকাল ১১টায় স§ৃতিস্তম্ভে ফুল দেন। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকাল ৩টায় নগর ভবন সংলগ্ন ফজলুল এভিনিউতে বিজয় সমাবেশ করে নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের নেতৃত্বে শোভাযাত্রা বের করে।
এদিকে বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসে নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে। বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয় শপথ গ্রহন অনুষ্ঠানের।
