নাগরিক রিপোর্ট : বরিশালে ত্রিধাবিভক্ত জাতীয় পার্টি (জাপা) পৃথকভাবে পালন করেছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী। গতকাল শনিবার দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা, মহানগর ও সদর উপজলা শাখা জাপা আলাদাভাবে কেককাটা, আলোচনা সভা এবং শোভাযাত্রা করেছে নগরীতে। নেতৃত্বের বিভক্তির কারনে দলের ৩টি গ্রুপের পৃথক কর্মসূচী পালিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থানীয় শীর্ষ এক নেতা।
বরিশাল জেলা জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুল এবং জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ইকবাল হোসেন তাপসের নেতৃত্বে জেলা ও মহানগর জাপা ব্যানারে শনিবার বিকালে নগর ভবনের সামনে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, কেন্দ্রীয় নেতা এস রহমান পারভেজ, সেকান্দার সেরনিয়াবাত ও রফিকুল ইসলাম গফুর সমাবেশে বক্তৃতা করেন। সমাবেশ শেষে ইকবাল হোসেন তাপসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ও মহানগরের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে উন্নয়ন করেছে কিন্ত মানুষের মৌলিক অধিকার উপেক্ষিত হচ্ছে। সর্বত্র মানুষ এখন নিরাপত্তাহীন। লঞ্চে আগুনে পুড়ে মরছে মানুষ। সড়কে প্রতিদিন ঘটছে প্রাণহানি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারন মানুষ দিশেহারা। জাপা চায় বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ। দেশবাসী তাই আগামী নির্বাচনে জাপাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
এদিকে বরিশাল মহানগর জাপা সভাপতি ও কেন্দ্রের যুগ্ন মহাসচিব মর্তুজা আবেদীনের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর আর্য্যলক্ষী ভবনের কীর্তণখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা। এতে মহানগরের সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফা বক্তৃতা করেন।
এছাড়া বরিশাল সদর উপজেলা জাপার আহ্বায়ক বশির আহমেদ ঝুনুর আয়োজনে বেলা ১২টায় অশ্বিনী কুমার হলের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জেলা, মহানগর ও সদর উপজেলা শাখা কেন পৃথক পৃথক কর্মসূচী পালন করলো তা জানতে চাইলে মহানগরের সভাপতি মর্তুজা আবেদীন বলেন, মহানগর জাপা স্বতন্ত্র সাংগঠনিক ইউনিট। তাই তারা আলাদা কর্মসূচী পালন করেছেন। মর্তুজা আবেদীন মনে করেন যৌথভাবে কর্মসূচী পালনের মতো জাপার উপযুক্ত সাংগঠনিক ইউনিট বরিশালে নেই।
জেলা জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, আমরা মহানগর ও সদর উপজেলা জাপার নেতৃবৃন্দকে আমন্ত্রন জানিয়েছিলাম একসঙ্গে কর্মসূচী পালনের জন্য। কিন্ত তারা সাড়া দেয়নি। অধ্যক্ষ হাবুলের মতে, নেতৃত্ব নিয়ে সৃষ্ঠ বিভক্তির কারনে বরিশালে জাপার প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথকভাবে পালিত হয়েছে। ##
২০২২-০১-০২
