নাগরিক ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছে নারায়ণগঞ্জ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালত মামলাটি গ্রহণ করেন। মামলার শুনানি শেষে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ প্রদান করেছেন আদালত। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আকরাম হোসেন বাদল মামলার আবেদন করেন।
মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। মামলার অন্য আসামিরা হলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুর, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।
বাদী পক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। আজকে আদালত সেই আবেদন গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
নুরুল হুদা বলেন আরও বলেন, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা রটনা করা একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না। সেই কারণে আমি নিজেও আগ্রহী হয়ে এই মামলায় নিজেকে যুক্ত করেছি।
