নাগরিক ডেস্ক:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর এলাকায় শীতলক্ষ্যা ৩ নম্বর সেতুর কাছে এই ঘটনা ঘটে। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা লঞ্চ ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবের খবর পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠিয়েছি।’
বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বলেন, একটি জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। শুনেছি অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল পৌঁছেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
