নাগরিক রিপোর্ট : বরিশাল মহানগরে জাতীয় পার্টির ৩০টি ওয়ার্ড বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শুক্রবার মহানগরের আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিযে বলা হয়, ওয়ার্ডগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করারও উদ্যোগে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে আকস্মিক একযোগে কমিটি ভেঙ্গে দেয়ায় ওয়ার্ড নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আজ শনিবার বিকেলে নগরের ২৯নং ওয়ার্ড জাতীয় পার্টি সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হতে যাচ্ছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।
এদিকে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ করে কমিটি বিলুপ্ত করায় সাংগঠনিক অবস্থার বিপর্যয় ঘটতে পারে। নতুন করে কিভাবে ওয়ার্ড কমিটি গঠন করা হবে তার কোন দিক নির্দেশনাও দেয়নি নগর জাপার নতুন নেতৃত্ব।
এব্যপারে মহানগর জাপার সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, আহবায়ক, সদস্য সচিব ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন। পূর্বের কমিটির কোন কার্যক্রম নেই। নগরের সব ওয়ার্ডে কমিটিও নেই।
উল্লেখ্য, বরিশালে অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুরতুজা আবেদীনের নেতৃত্বে স্থানীয় জাপায় বিবাদমান দুটি গ্রুপ দীর্ঘবছর যাবত দৃশ্যমান। আগে জেলার নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ হাবুল ও মহানগরের নেতৃত্ব দিতেন কাউন্সিলর মুরতজা। গত ২৮ ফেব্রুয়ারীকে কাউন্সিলর মুরতজাকে জেলা আহ্বয়ক ও অধ্যক্ষ হাবুলকে মহানগরের আহ্বায়ক করে জাপার নতুন কমিটি গঠন করা হয়। ভেঙ্গে দেয়া ওয়ার্ড কমিটিগুলো মহানগরের সাবেক সভাপতি মুরতজা আবেদীনের সময়ে গঠন করা হয়েছিল। ##
২০২২-০৪-২৩
