নাগরিক রিপোর্ট : জেলা পর্যায়ে রেজিষ্ট্রেশন হওয়া সিএনজি আন্ত:জেলা রুটে চলাচলের অনুমতি ও মহাসড়কে পৃথক লেনসহ ৩ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ করেছেন সিএনজি মালিক-চালকরা। সোমবার তারা নগরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। সিএনজি মালিক-চালক শ্রমিক ইউনিয়নের উদ্যেগে এ কর্মসূচী পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিআরটিএ’র রেজিষ্ট্রেশন থাকার পরও গত ৮ মাস যাবত ৪ শতাধিক সিএনজি যানবহনকে আন্ত:জেলা সড়কে চলতে দেয়া দেয়া হচ্ছেনা। সিএনজি চালকরা মহাসড়কে পৃথক লেন তৈরী করে সিএনজিসহ থ্রি হুইলার যানবহন চলার অনুমতি দেয়ার দাবী জানিয়েছেন। এছাড়া জরুরী রোগী বহন এবং গ্যাস রিফিল করার জন্য জেলা পর্যায়ে রেজিষ্ট্রেশনধারী সিএনজি মহানগরে প্রবেশে অনুমতির এবং আন্ত:জেলা রুটে চলার অনুমতি আগ পর্যন্ত শোরুমের কিস্তি স্থগিত রাখার দাবী জানিয়েছেন তারা।
সিএনজি মালিক-চালক ইউনিনের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলার সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, সন্তুু মিত্র, মো. ইসা আরাফাত, বেল্লাল প্রমুখ।
২০২২-০৫-২৩
