নাগরিক রিপোর্ট :নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গত ১৩ বছরে শেখ হাসিনার সরকারের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ‘৭৫ পরবর্তী ২১ বছর ক্ষমতাসীন থাকা দলগুলোও এত উন্নয়ন করতে পারেনি। এর কারন ‘৭৫’র পরে ক্ষমতায় আসা জিয়াউর রহমান সরকার দেশ গড়ার রাজনীতি করেননি। যা করেছেন সবই ছিল লোক দেখানো। সোমবার বরিশাল নগরীতে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তৃতা করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। প্রিন্সেস টিনা খান-নটি খান এনে মেধাবীদের চরিত্র ধ্বংস করেছেন। দলছুট-নৈতিকতাহীন বিভিন্ন ধরনের লোক এনে বিএনপি নামক একটি প্লাটফর্ম করে রাজনীতির নামে দেশে লুটতরাজ ও মুক্তিযোদ্ধাসহ ভিন্নমতের হাজার হাজার মানুষ হত্যা করেছেন। তাই বিএনপির আজকের যে পরিনিতি এটা তাদের প্রাপ্য।
খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, স্বাধীনতার পর নদীর নাব্যতা রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭টি ড্রেজার ক্রয় করেছিলেন। এরপরে ৪০ বছরে একটি ড্রেজারও বাড়েনি। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গত ১৩ বছরে ড্রেজার সংখ্যা ৪০টি ছাড়িয়েছে। ১০ হাজার নদীপথ তৈরীর লক্ষমাত্রায় এরই মধ্যে ৭ হাজার খনন সম্পন্ন হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও দুষনের বিরুদ্ধে আমরা কাজ করছি। নদীনালা, খালগুলো পুনরুদ্ধার করে বরিশালের খ্যাতি প্রাচ্যের ভেনিস ফিরিয়ে আনার কাজ চলছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, টোল হচ্ছে নৌবন্দরগুলোর আয়ের খাত হচ্ছে। তাই নৌবন্দরগুলো টোলমুক্ত করার সুযোগ নেই।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ওয়াহিদুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো.এনামুল হক, পুলিশ সুপার মো.মারুফ হোসেন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.শহীদুল ইসলাম ।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের নদনদী দ্রুত ও স্বল্প সময়ে খনন ও সংরক্ষনে বরিশাল নগরীর কীর্তণখোলার তীরে মেরিন ওয়ার্কশপ মাঠে ২৪ কোটি টাকা ব্যয়ে ড্রেজার বেইজ নির্মান করা হয়েছে। বেইজটি স্থাপন করায় বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা এলাকায় নৌপথ খনন ও তদারকি কাজ সহজ হবে। ##
২০২২-০৫-২৩
