নাগরিক রিপোর্ট
প্রানী সম্পদ খাতের বৃহৎ স্বার্থে এনিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারী মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রী প্রদানের দাবীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবীতে এনিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসুচী পালন করেন। এর আগে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভেটিরিনারী সাইন্স এবং এনিমেল হাজবেন্ড্রি সম্বলিত কম্বাইন্ড ডিগ্রী দেয়া হচ্ছে। তাতে দুটি পদেই আবেদন করার সুযোগ থাকছে। মিল্কভিটার মত প্রতিষ্ঠানেও নিয়োগে জটিলতা দেখা দিয়েছে। বেসরকারি সকল সার্কুলারে কম্বাইন্ড ডিগ্রীতে অগ্রাধিকার দেয়া হয়।
এনিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ হিল কাফি বলেন, আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি ফলপ্রসু কোন সমাধান না দেয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ক্লাস ও পরীক্ষা বর্জন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝোলানোই থাকবে। কাফি দাবী করেন, ভেটিরিনারী মেডিসিন বিভাগের শিক্ষার্থীরাও তাদের দাবীর সঙ্গে একাত্বতা পোষন করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবুবকর সিদ্দিক, সাদিয়া সরোয়ার অথৈ, নাজমুল হুদা, সালমন ফারসী সহ নিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা।
এব্যপারে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর প্রফেসর আলী আজগর বলেন, শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ৯ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর মো: মামুন অর রশিদ। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যাচাই বাছাই শেষে প্রতিবেদন দেয়ার দাবী জানানো হয়েছে। তিনি বলেন, এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খেলে দেয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তারা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত তালা খোলারও কোন সিদ্ধান্ত জানায়নি।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই থেকে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
