ছাত্রলীগের কমিটিতে ছাত্রদল নেতারা!

Spread the love

দশমিনা সংবাদদাতা ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাত্রলীগের নবগঠিত কমিটিতে ছাত্রদলের নেতাদের গুরুত্বপূর্ন পদ দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ছাত্রলীগে পদ পাওয়া ছাত্রদল নেতাদের তথ্য উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা। এর প্রতিবাদে নবগঠিত দশমিনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের জুয়েল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্নর ঘোষনা দিয়েছেন।
শুক্রবার দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও দশমিনা সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে লিখিত পরীক্ষা গ্রহনের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ন পদে উপজেলা ও কলেজ শাখা কমিটি কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা। সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার। তিনি নবগঠিত কমিটি অনুমোদন দেন।
ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক করা সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাব্বানি ইসলাম অমি খানকে। উপজেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক মোঃ সোহাগ প্যাদাকে করা হয়েছে সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক এবং গত জাতীয় সংসদ র্নিবাচনে ধানের শীষ প্রার্থি গোলাম মাওলা রনির কট্রর সমর্থক ছাত্রদল কর্মী জায়েদ প্যাদাকে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক করা হয়েছে।
ছাত্রদল নেতাদের ছাত্রলীগে অন্তর্ভূক্তির বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন আক্কাস জানান, সোহাগ প্যাদা ও জায়েদ প্যাদা বিভিন্ন চুরির মামলায় অভিযুক্ত হওয়ায় তাদেরকে ছাত্রদল থেকে বহিস্কার করা হয়েছে। এব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার জানান, এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *