আইনশৃংখলাবাহিনীর ধাওয়া: পুকুর থেকে মাদক বিক্রেতার লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের গৌরনদীতে আইন শৃংখলা বাহিনীর একদল সদস্য’র ধাওয়া খেয়ে পুকুরে পড়ে মোঃ শামীম হাওলাদার (২৮) নামের এক মাদক বিক্রেতা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে শামীমের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শামীম উপজেলার বেজগাতি গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা খাদিজা বেগম কান্নাজনিত কন্ঠে মঙ্গলবার বলেন, ‘একটি আইনশৃংখলাবাহিনীর তাড়া খেয়ে আমার ছেলে শামীম পুকুরে পড়ে মারা গেছে।’
গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, উপজেলার বেজগাতি গ্রামের মাদক বিক্রেতা ও একাধিক মাদক মামলার আসামি শামীম হাওলাদারের লাশ মঙ্গলবার সকালে সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানার এসআই সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে শামীমের ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম সাকিব বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মঙ্গলবার দুপুরে বরিশাল মর্গে প্রেরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুরের কাছে বসে ২ ব্যক্তি মাদক কেনাবেচা করছিলো। এ সময় আইন শৃংখলা বাহিনীর ১০/১২ জন সদস্য’র উপস্থিতি টের পেয়ে ওই ২ ব্যক্তি দৌড় দেয়। তখন ওই বাহিনীর সদস্যরা ওই ২ ব্যক্তিকে ধাওয়া করলে তারা মুন্সী বাড়ির পুকুরে ঝাপ দিয়ে পড়ে। এক ব্যক্তি পাড়ে উঠে পালিয়ে যায়। ওই বাহিনীর সদস্যরা স্থানীয় ২ ব্যক্তির কাছ থেকে টর্চলাইট নিয়ে প্রায় দেড়ঘন্টা পুকুরের চারপাশ ও আশেপাশে খোঁজাখুজি করে কাউকে আটক করতে পারেননি। স্থানীয়রা ধারনা করছিলো অন্ধকারের মধ্যে পুকুর থেকে পাড়ে উঠে ২ ব্যক্তিই পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *