নাগরিক রিপোর্ট ॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছে জাতিসংঘ। সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানিয়েছেন।
বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিস মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
অনুষ্ঠানে সেপ্পো বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডে আমরা ব্যথিত। এই হত্যাকান্ডের আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে জাতিসংঘ থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে, আবরার ফাহাদ হত্যার ঘটনায় বিস্মিত ও মর্মাহত বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির হাইকমিশনের এক বার্তায় বলা হয়েছে, ‘বুয়েটে ঘটে যাওয়া ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। যুক্তরাজ্য বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে নিঃশর্তভাবে অঙ্গীকারাবদ্ধ।’
২০১৯-১০-০৯
