নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বাকেরগঞ্জে মঙ্গলবার মোঃ রফিকুল ইসলাম(৩৮) নামে এক ভুয়া চিকিৎসকককে গ্রেফতার করেছে র্যাব-৮। রফিকুল সেখানে অবৈধ প্রশিক্ষনকেন্দ্র খুলে নারীদের স্বাস্থ্যবিষয়ক শিক্ষা দিয়ে আসছিলেন। পরে ভ্রাম্যমান আদালতে প্রেরন করা হলে আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম ভুয়া চিকিৎসক রফিকুলকে ১ বছর কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। রফিকুল জেলার আগৈলঝাড়া উপজেলার হাতেম আলী মোল্লার পুত্র।
র্যায-৮ এর এক খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার বাকেরগঞ্জ থানাধীন হাওলাদার মার্কেট পল্লী বিদ্যুৎ সড়কের সিনেমা হল বাজারে ডাক্তার চেম্বার এ অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে চিকিৎসক পরিচয়ধারী মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও বাকেরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলামের কাছে প্রেরন করা হয়। এসময় বাকেরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসারও উপস্থিত ছিলেন। আদালতের কাছে রফিকুল চিকিৎসক হিসেবে সার্টিফিকেটের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। স্থানীয়রা জানান রফিকুল ডাক্তার পরিচয়ে গত ২ মাস ধরে অবৈধ প্রশিক্ষণ কেন্দ্র খুলে সেখানে প্রায় ২০০ নারীকে প্রশিক্ষন দিয়েছেন।
উদ্ভুত পরিস্থিতিতে আদালত ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ বছরের কারাদন্ড এবং ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
২০১৯-১০-১৫
