বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি মহামারির মত ছড়িয়ে পড়েছে। সরকার একদিকে উন্নয়ন করছে, অন্যদিকে সরকার দলীয় লোকজন দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। দুর্নীতি ও লুটপাটের কারণে ধামাচাপা পড়ছে সরকারের উন্নয়ন। সাধারণ মানুষ সুফল পাচ্ছেনা উন্নয়নের। গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাশেদ খান মেনন।
মেনন আরো বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা ক্যাসিনো ব্যবসা করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে বাড়ি-গাড়ি করে সেকেন্ড হোম বানিয়েছে। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অর্থ-বিত্তের মালিক বনে যাওয়া কথিত রাজনীতিকদের আইনের আওতায় আনতে হবে।
রাশেদ খান মেনন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজপথে ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। কিন্তু এখন দেশে ভোটের অধিকার নেই। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সাধারণ মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। মানুষের ভোটাধিকার হরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন তা থেকে কাঙ্খিত সুফল আসবেনা।
তিনি আরও বলেন, ড. কামাল হোসেন বলেছিলেন- তিনি আর বিএনপি-জামায়তের সঙ্গে থাকবেন না। অথচ আবারও ঐক্য ফ্রন্টের ব্যানারে ড. কামাল জামায়ত-বিএনপি’র সঙ্গে হাত মিলিয়েছেন। মেনন বলেন, ড. কামালের আন্দোলনে দুর্নীতির দায়ে দন্ডিত বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে না। কারণ, কামাল আন্দোলনের ডাক দিয়ে বিদেশে চলে যান।
বরিশালের উন্নয়ন স্থবির হয়ে আছে অভিযোগ করে রাশেদ খান মেনন বলেন, উপযুক্ত নেতৃত্বের অভাবে উন্নয়নে পিছিয়ে পড়ছে বরিশাল। উপাচার্য না থাকায় বরিশাল বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। তিনি বরিশালের জনকল্যাণমুখী উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম নিলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা কমরেড আনিসুর রহমান মল্লিক, জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ টিপু সুলতান, কমরেড শান্তি দাস, অধ্যাপক বিশ্বজিৎ রাড়ৈ, ফাইজুল হক ও জাকির হোসেন।
২০১৯-১০-১৯
