নাগরিক রিপোর্ট ॥ বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, দুর্ণীতি, দখলবাজীসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সোমবার সংবাদ সম্মেলন করেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চন্দ্র। আ’লীগ নেতা সঞ্জয় দাবী করেন তার এলাকার জনগনের পক্ষে ও দলীয় কর্মী হিসেবে এসব তথ্য তুলে ধরছেন। এর মুল লক্ষ্য সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে পংকজ নাথের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করা।
বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আ’লীগ নেতা সঞ্জয় চন্দ্র বলেন, এমপি পংকজ নাথের রাজধানীতে বিলাসবহুল ১০ তলা ভবন, বাড়ী, দেশে-বিদেশে বিভিন্ন ব্যবসা ও দামী গাড়ি রয়েছে। এগুলো তিনি অবৈধভাবে অর্জন করেন। ভারতসহ বিভিন্ন দেশে এমপি পংকজ নাথের বাড়ি ও ব্যবসা রয়েছে।
সঞ্জয় আরও বলেন, একজন সাংসদ সদস্য কি করে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হন। তিনি স্থানীয় বিভিন্ন নিয়োগ বাণিজ্য, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলায় এবং বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে এমপি পংকজের বিরুদ্ধে ২০১৭ সালে দুর্নীতি দমন আইনে একটি মামলা করায় তিনি নিজেও নির্যাতিত হয়েছেন। তিনি দাবী করেন, এমপি পংকজ সাজা প্রাপ্ত আসামী হয়েও জনপ্রতিনিধি সেজে হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাটের জনগনকে শোষন করছেন। তিনি চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এমপি পংকজের এসব দুর্নীতির তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
তবে এমপি পংকজ নাথ এই সকল অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে কারোর ইন্ধনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
২০১৯-১১-০৪
