নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুরে জেএসসি পরিক্ষায় নকলের সহায়তা করার দায়ে এক শিক্ষকের ৭ দিনের জেল এবং দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহাবুব উল্লাহ মজুমদার। সোমবার ইংরেজী ১ম পত্র পরিক্ষায় উপজেলার হারতা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বানারীপাড়া উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরিক্ষার্থীদের নিজ হাতে লিখে দিচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরে ফেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে পুলিশে সোপর্দ করে। এসময় ওই শিক্ষককে সহযোগীতা করার অপরাধে সাতলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও হাফিজুর রহমান ও শিল্পি সরকারকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো: বশির উদ্দিন সিকদার অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
২০১৯-১১-০৪
