নাগরিক রিপোর্ট ॥ বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের কথা বলে শুধুমাত্র ক্যাসিনোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। বড় বড় রুই-কাতল রেখে তারা দেশের মানুষকে ধোয়াশার মধ্যে হাইকোর্ট দেখাচ্ছেন। জনগনের বাজেটের টাকা লুট হয়ে যাচ্ছে। যারা শেয়ার কেলেঙ্কারী করেছেন তাদের পাশে বসিয়ে প্রধানমন্ত্রী এখনও দেশে-বিদেশে সভা-সেমিনার করছেন। বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি’র আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সরোয়ার আরও বলেন, বিভাগ-বিশ্ববিদ্যালয়সহ বরিশালের উন্নয়ন বিএনপি’র অবদান। আজকে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনরা এখানে ক্ষমতায় আছেন, অথচ তাকে দিয়ে একটা বড় উন্নয়ন প্রকল্পের ঘোষনা দিতে দেয়াতে পারেনি।
সভায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, আনোয়ারুল হক তারিন, আক্তার হোসেন মেবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে দক্ষিন জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সভায় সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন ও আব্দুল মাজেদ মন্নান মাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
২০১৯-১১-০৭
