নাগরিক রিপোর্ট ॥ বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলামের অপসারন চেয়েছেন পরিষদের সদস্যরা। পরিষদের ২০ জন সদস্যের মধ্যে ১৬ জন সম্প্রতি এ আবেদন জানিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত আবেদন দিয়েছেন।
তারা চেয়ারম্যান মাইদুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৩ অভিযোগ তুলেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা ও সদস্যদের সঙ্গে অসৌজন্যমুল আচরন, পরিষদের স্বাবর-অস্থাবর সম্পত্তি সম্পর্কে সদস্যদের তথ্য না দেয়া, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না নিয়ে চেয়ারম্যানের বরিশাল ও দেশের বাইরে অবস্থান, সদস্যদের সম্মানিভাতা বন্ধ করে দেয়া, জেলা পরিষদের মার্কেট অবৈধপন্থায় লিজ দেয়া, বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া।
পরিষদের সদস্য মুনাওয়ারুল ইসলাম অলি জানান, চেয়ারম্যানের অপসারন করার আবেদনপত্র গত ২৮ অক্টোবর তারা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছেন। নিয়মানুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ৭ দিনের মধ্যে আবেদনটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবেন।
এব্যপারে জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম বলেন, পরিষদের সদস্য মুনাওয়ারুল ইসলাম অলি ও জিল্লুর রহমান অন্য সদস্যদের স্বাক্ষর জাল করে একটি অভিযোগ দিয়েছেন। এটা তারা ব্যক্তিগত কোন ক্ষোভ থেকে করতে পারেন। অভিযোগ প্রমানিত না হওয়া পর্যন্ত তাকে অপসারনের কোন সুযোগ নেই।
প্রসঙ্গত, জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলামের সঙ্গে পরিষদের সদস্যদের বিরোধ চলছে একবছরেরও বেশী। গত জুনে সদস্যদের বর্জনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রণয়ন বৈঠক বর্জনের পর আর কোন সভায় অংশ নেননি পরিষদ সদস্যরা।

