হাসপাতালে নবজাতক চুরিকালে নারী আটক

Spread the love

নাগিরক রিপোর্ট ॥ বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতক চুরিকালে রেখা বেগম (৩৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুই যুবকের সহযোগিতায় তাকে আটক করে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়।
আটককৃত রেখা বেগম ঢাকা সদর ঘাটের ফুটপাতে বসবাস করেন। চুরি হওয়া নবজাতক নলছিটি উপজেলার মগর গ্রামের রফিক হাওলাদার ও সাথী বেগম দম্পতির পুত্র সন্তান। তারা নগরীর কালিজিরা এলাকায় ভাড়া থাকে।
বরিশাল শেবাচিম হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত এসআই নাজমুল ইসলাম বলেন, সোমবার শেবাচিমের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে ভূমিষ্ট হয় রফিক হাওলাদারের শিশু সন্তান। গত দুই দিন পূর্বে সাথী বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিন থেকেই রেখা বেগম নামের ওই নারী নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে।
এদিকে সোমবার সিজারিয়ানের পরে নবজাতকের মা সাথী বেগমকে হাসপাতালের পঞ্চম তলায় পোস্ট-অপারেটিভ ইউনিটে পর্যবেক্ষনে রাখা হয়। এজন্য সাথীর মা নাতীকে নিয়ে পোস্ট-অপারেটিভের বাইরে অপেক্ষা করছিল। এসআই নাজমুল বলেন, রাত ৯টার দিকে রেখা নামের ওই নারী পোস্ট-অপারেটিভ এর সামনে গিয়ে পূর্ব পরিচিতি হিসেবে নবজাতককে তার নানীর কোল থেকে নেয়। পরে কৌশলে নবজাতক নিয়ে পালাবার চেষ্টা করে সে। হাসপাতালের নীচ তলায় মাঝের গেটে নেমে তড়িঘরি করে রিকশায় ওঠার চেষ্টা করলে সেখানে অবস্থানরত দুই যুবকের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। তারা ওই নারীর পথরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি বেরিয়ে আসে। পরে তারা হাসপাতালে দায়িত্বরত পুলিশদের ডেকে নবজাতকসহ ওই নারীকে তাদের কাছে হস্তান্তর করে।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, রেখা নামের আটককৃত নারীর ঠিকানা নিয়ে সন্দেহ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *