জামিন পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া- বোন সেলিমা

Spread the love

নাগরিক ডেক্স : চিকিৎসকরা নিয়মিত আসলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলে দাবি করেছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। তিনি জানান, জামিন পেলে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়া হবে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তাঁর বোন সেলিমা ইসলাম।

এদিন বেলা সোয়া তিনটার দিকে সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন স্বজন বিএসএমএমইউতে আসেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। প্রায় ঘন্টাখানেক সময়ের বেশি তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম। এসময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, তার শরীর ভালো না, হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুল বেঁকে গেছে প্রায়। অসম্ভব ব্যথা অনুভব করছে। উঠে দাঁড়াতে পারছেন না । সোজা হয়ে বসতে পারছেন না, এই অবস্থা তার। তার (খালেদা জিয়া) উন্নত চিকিৎসা দরকার।

তিনি বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত পা বেঁকে যাচ্ছে। হাতের আঙ্গুল গুলো দিয়ে তিনি নিজে তুলে খেতে পারছেন না। চলাফেরা করতে পারছেন না। উঠে দাঁড়াতে পারছেন না। সোজা হয়ে তিনি বুঝতে পারেন না এরকম অবস্থা তার।

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন উন্নত চিকিৎসার জন্য। আমরাতো চাচ্ছি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। কারণ তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, নিজের হাতে কিছু তুলে খেতে পারেন না । এ অবস্থায় ওনার জামিন হলে আমরা তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *