নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সারিয়া আক্তার (১৪) নামের এক পরীক্ষার্থী। পরীক্ষার ফলাফল ঘোষণার পরে মঙ্গলবার নগরীর কাউনিয়া ১ম গলি নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
আত্মহননকারী সারিয়া আক্তার ওই এলাকার বাসিন্দা ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি শাহীন হাওলাদারের মেয়ে এবং বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
বরিশাল শেবাচিম হাসপাতালে দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল ইসলাম জানান, স্কুল ছাত্রী সারিয়া জেএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়নি। এ কারনে লোক লজ্জার ভয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসআই নাজমুল জানান, নিহত স্কুল ছাত্রীর মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে রাখা হয়েছে।
এব্যপারে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা ইসলাম বলেন, সারিয়া জিপিএ-৪ পেয়েছে। ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জেনেছি জিপিএ-৫ না পাওয়ায় সারিয়া আত্মহত্যা করেছে।
২০১৯-১২-৩১
