নাগরিক রিপোর্ট: জাতীয় সমাতান্ত্রিক দল- জাসদের (ইনু) সাধারন সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, দেশে উন্নয়নের সঙ্গে দূর্ণীতিরও সমানতালে চলছে। যারা ব্যাংক লুটপাট করছে, সরকার তাদের লেজে পা দিতে পারছেন না। গুটিকয়েক দূর্ণীতিবাজকে বিতারিত করতে পারলেই দেশে সুশাসন ও আইনের শাসন কায়েম হবে। আইনের শাসন কায়েমের জন্য দেশে যেকোন ধরনের শুদ্ধি অভিযানে জাসদ প্রধানমন্ত্রীর পাশে থাকবে।
শনিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর জাসদের সম্মেলনে প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেন শিরিন আখতার এমপি। এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত।
শিরিন আক্তার এমপি বলেন, জামায়াতের দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে থাকলেও তার অনুসারী আছেন বাইরে। তার ওয়াজ মাহফিলে সরকারী দলের লোকজন অংশগ্রহন করেন। এখনও হাটে-বাজারে সাঈদীর ওয়াজ মাহফিল প্রচার করা হয়। ওয়াজ মাহফিলে নারীদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সাঈদীর ওয়াজ যাতে কোথাও প্রচার হতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
সম্মেলনে কেন্দ্রীয় জাসদ নেতা মো. মহসিন বরিশাল জেলা ও মহানগর জাসদের কমিটি ঘোষণা করেন। জেলায় সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাবুব ও সাধারন সম্পাদক হয়েছেন সাজ্জাদ হোসেন। মহানগর জাসদের সভাপতি হয়েছেন তাজ মো. খান স্বপন ও সাধারন সম্পদক হয়েছেন মোস্তাক সিকদার।
মহানগর জাসদের সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তৃতা করেন অ্যাডভোকেট আব্দুল হাই খন্দকার, মো. মহসিন, অ্যাডভোকেট আহসানুল কবির বাদল, দুলাল সাহা, ওবায়দুল করীম চুন্নু, সাজ্জাদ হোসেন প্রমুখ।
২০২০-০১-২৫
