দালাল ছাড়া বিদেশ যেতে ৬১ জেলায় নিবন্ধন শুরু রবিবার

Spread the love

নাগরিক রিপোর্ট: কোনো দালাল বা মধ্যসত্ত্বভোগী ছাড়াই সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহী দক্ষ, স্বল্পদক্ষ, অদক্ষ ও পেশাজীবী নারী-পুরুষের নিবন্ধন শুরু হচ্ছে রবিবার দেশের ৬১ জেলায় এ নিবন্ধন শুরু হবে।
বিদেশ যেতে ইচ্ছুকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২শ টাকা পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো (বিএমইটি) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার মোতাবেক বছরে প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর কথা রয়েছে। সে মোতাবেক সরকারিভাবে বিদেশে কর্মী পাঠাতে ২০১৯ সালের ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারয়ণগঞ্জ ও গাজীপুর জেলার নিবন্ধন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর (বিএমইটি) কেন্দ্রীয় ডাটাব্যাংকে এ নিবন্ধন কর্মসূচি শুরু হচ্ছে।
আগ্রহীদের যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিবন্ধনকারী কর্মীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। তবে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট ও নিজস্ব মুঠোফোন থাকতে হবে। নিবন্ধনের আপডেট তথ্য মাঝে মধ্যে তাকে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।
বিএমইটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই নিবন্ধন শুরুর পরে যে কোনো সময় সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তর বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। নিবন্ধনের সময় সব যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডাটাব্যাংকে সংযোজন করতে হবে। তবে ডাটাব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধনকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *