পঙ্গপালের হানা, ঝুঁকিতে বাংলাদেশ

Spread the love

নাগরিক ডেস্ক: আফ্রিকা ঘুরে এসে সম্প্রতি পাকিস্তান ও ভারতে হানা দিয়েছে পঙ্গপালেরা। তবে আতঙ্কের ব্যাপার হচ্ছে সীমান্তের কড়া নজরদারি পরোয়া না করে এবার বাংলাদেশেও অনুপ্রবেশ ঘটাতে পারে পঙ্গপালেরা। এমনটাই আশঙ্কা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে সে ঝুঁকি এ বছরের চেয়ে আগামী বছর বেশি বলেই জানান তারা।

গত বছরের শেষ দিক থেকে আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়াসহ কয়েকটি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করেছে পঙ্গপাল। এ বছরের শুরুতে পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা যায়। পঙ্গপালের উৎপাতে দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা।

এরপর ভারতের পাঞ্জাবে ঢুকে পড়ে পঙ্গপালেরা, এরপর শুরু করে তাণ্ডব। যার ব্যাপ্তি ছিল প্রায় তিন কিলোমিটার। সে প্রেক্ষাপটে পাঞ্জাবের আশেপাশের কয়েকটি রাজ্যে সতর্কতাও জারি করা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এজেডএম ছাব্বির ইবনে জাহানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা বিবিসি বাংলা জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার একটি চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পঙ্গপালের আক্রমণ সংক্রান্ত সতর্কতা এবং প্রস্তুতি রাখার নির্দেশ প্রদান করা হয়।

এর কারণ হিসেবে ইবনে জাহান ব্যাখ্যা করেছেন, যেহেতু পঙ্গপালের বৈশিষ্ট্য হচ্ছে বাতাসের উষ্ণতার গতি অনুযায়ী এরা চলাফেরা করে এবং এক জায়গার খাবার ফুরালেই নতুন জায়গার খোঁজ করে তারা, সে কারণে কৃষি অধিদপ্তরের আশংকা বাংলাদেশেও আক্রমণ হতে পারে পঙ্গপালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *