নাগরিক রিপোর্ট: ৭ দফা দাবীতে বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত।
নগরীর চকবাজার ফলপট্টির মোড়ে মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাসার আকন, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মোল্লা, প্রচার সম্পাদক মো: আলী হোসেন কবির, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: নান্নু মিয়া, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, বিদ্যুৎ শ্রমিক নেতা জে কে মুকুল প্রমুখ।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বরিশাল জেলা প্রশাসন, মালিক পক্ষ এবং শ্রমিক নেতৃবৃন্দের যৌথ সভায় মালিক পক্ষ ওয়াদা করেছিল ১ মাসের মধ্যে সকল শ্রমিককে নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক দেয়া হবে। কিন্তু ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।
নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, শ্রম আইন অনুসারে ৮ ঘন্টা কাজ, সপ্তাহে দেড় দিন ছুটি, ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ করুন। অন্যথায় শ্রমিক শ্রেণির রোষানলে পড়লে শ্রমিক নেতৃবৃন্দ দায় বহন করবে না।
২০২০-০৩-১৩
