নাগরিক রিপোর্ট: করোনাভাইরাসের সঙ্কটে নিজেদের দুর্বলতা আড়াল করতে সরকার নানা তথ্য চেপে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন। শনিবার তিনি ঢাকার আসাদ গেইটের কাছে কেয়ার হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব এর উদ্যোগে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়ার সময় এই অভিযোগ করেন।
স্বপন বলেন, “সরকার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীমাহীন উদাসীনতার পরিচয় দিচ্ছে। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। “এই ভাইরাস মোকাবেলায় সরকারের দুর্বলতা আড়াল করতে তারা একদিকে তথ্য নিবর্তনমূলক আইন ব্যবহার করছে। অন্যদিকে আর্থিক প্রণোদনার নামে বিপর্যন্ত জনগোষ্ঠিকে শুভংকরের ফাঁকি উপহার দিচ্ছে।
“প্রধানমন্ত্রী সম্প্রতি দুই দফায় ৯৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, তার মধ্যে প্রণোদনা মাত্র দশমিক ৬২ শতংশ, বাকি সবই শুভংকরের ফাঁকি।” সঙ্কট মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনকেই দায়ী করেন সাবেক সংসদ সদস্য স্বপন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার রাজধানীর কেয়ার হসপিটাল, মিরপুর ডেন্টাল কলেজ, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল, শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে পিপিই দেওয়া হয়।
এছাড়া মিরপুরে ডেন্টাল কলেজ হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হাবিব উন নবী খান সোহেল, গ্রীন রোডে সেন্ট্রাল হাসপাতালে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মিরপুরের মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তাদের কাছে পিপিই হস্তান্তর করেন।
২০২০-০৪-১৯
