নাগরিক রিপোর্ট: করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে নুতন করে আরও ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ২৮টি বেড প্রস্তুত রয়েছে।
শনিবার হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বলেন, করোনা ওয়ার্ডের তৃতীয় তলায় নতুন এই ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৮ বেডের সাথে আরও দুইটি বেড হাসপাতালের মূল আইসিইউ ইউনিটে রাখা হয়েছে। বর্তমানে সর্বমোট ২৮টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, কোনো রোগীর সমস্যা গুরুতর হলেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো। শুক্রবার থেকেই আইসিইউ বেডগুলো সব প্রস্তুত করা হয়েছে।
পরিচালক আরও জানান, করোনা ওয়ার্ডের আইসিইউ ইউনিটের জন্য একটি টিম প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৪জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছেন। প্রতি শিফটে একজন চিকিৎসক ও একজন নার্স এখানে দায়িত্ব পালন করবেন। একসাথে বেশি লোক দিলে সমস্যা হতে পারে।
বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতোমধ্যে হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ লকডাউন করা হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ৪০ জন চিকিৎসককে। এর মধ্যে ৪ চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। তাই বেশি লোক থাকলে যদি একসাথে কয়েকজন আক্রান্ত হয়ে যায় তাহলে এমনই সমস্যা আবারো হতে পারে। তাই শিফট অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২০২০-০৪-২৫
