নাগরিক রিপোর্ট: সরবরাহ করা পণ্যের একাংশ বিক্রির স্পটে না নিয়ে অন্যত্র রেখে দেয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বরিশালের ডিলার হারুন অর রশিদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরূপম মজুমদার রোববার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ডিলাকে এ অর্থদন্ড করেন। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান ও শরীফ মো. হেলাল উদ্দিন পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ ব্যবসায়ীর কাছ থেকে আরও ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার জানান, রোববার বিক্রির জন্য টিসিবির ডিলার হারুন অর রশিদকে যে পরিমান পণ্য দেয়া হয়েছিল তার একাংশ তিনি অন্যত্র রেখে যান। অবশিষ্ঠ পণ্য নিয়ে যান বিক্রির স্পটে। অসৎ উদ্দেশ্যে তিনি এ কাজটি করেছেন। এ কারনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
টিসিবির বরিশাল অফিস প্রধান মো. আনিসুর রহমান বলেন, ডিলার হারুন অর রশিদ রোববার নগরীর অমৃত লাল কলেজ পয়েন্টে পণ্য বিক্রির দায়িত্বে ছিলেন। পণ্য বিক্রিতে অনিয়ম করায় ভ্রাম্যমান আদালত তাকে অর্থদন্ড করেছে। তার ডিলারশিপ বাতিলের জন্য টিসিবির উর্দ্বতন মহলে লিখিতভাবে জানানো হবে।
২০২০-০৪-২৬
