মাকে গালি দেয়ার তিনভাইকে কুপিয়েছে স্কুলছাত্র ইমরান

Spread the love


নাগরিক রিপোর্ট : মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয়ায় এবং এলাকার গণ্যমান্যদের কাছে এর বিচার না পেয়ে পাশের বাড়ির কলেজছাত্র রেদওয়ান সিকদার ও তার দুই ভাইকে হত্যা করতে চেয়েছিল স্কুলছাত্র ইমরান (১৫)। এজন্য সে ঘুমন্ত অবস্থায় তিন ভাইকে শাবল দিয়ে কুপিয়েছে। এতে নিহত হয় বড় ভাই রেদওয়ান (১৮)।
ঘাতক ইমরান গ্রেফতার হওয়ার পর পুলিশকে এ তথ্য জানিয়েছে। পরে সে আদালতেও ১৬৪ ধারায় একই জবাবন্দী দেয় বলে বাউফল থানা পুলিশ জানিয়েছে।
ইমরানকে গত বুধবার রাতে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
সে পুলিশকে জানায়, তাকে একা পেলে প্রায়ই মারধর করতো প্রতিবেশী রেদওয়ান ও তার অপর দুই ভাই। সম্প্রতি রোদে কাঁথা শুকানো নিয়ে তার মায়ের সঙ্গে রেদওয়ানের মায়ের ঝগড়া হয়। এসময় রেদওয়ান ও তার ভাইয়েরা তার (ইমরান) মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়ে না পেয়ে তিন ভাইকে হত্যার পরিকল্পনা করে সে।
উল্লেখ্য, পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামে গত ২৬ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে নুর ইসলামের বসতঘরে ঢুকে ঘুমন্তবস্থায় তার তিন পুত্রকে শাবল দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ইমরান। তিন সহোদরকে বাউফল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেদওয়ানকে মৃত ঘোষনা করেন এবং অপর দুই ভাই আবদুল্লাহ (১৫) ও ফয়সাল (১৪) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত রেদওয়ান কালিশুরী ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *