নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীতে সরকারীভাবে ওএমএস এর ১০ টাকা কেজি চালের রেশন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার নগরীর ৩৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম ‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এমন অভিযোগ তুলে তা তদন্তের দাবী জানিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- নগরীতে সদ্য বিতরণ হওয়া ওএমএস এর ১০ টাকা কেজি চালের রেশন কার্ড বিতরণে দলীয়করন করা হয়েছে। ইতোমধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে ৪০০ থেকে ৫০০ জনকে রেশন কার্ড বিতরন করা হয়েছে। কিন্তু রেশন কার্ড হতদরিদ্রদের বিতরন না করে দলীয় বিবেচনায় প্রদান করা হয়। নগরীর চাঁদমারি, রুপাতলী, ভাটিখানা, পলাশপুর, নাজিরমহল্লা এলাকায় এধরনের অভিযোগ পাওয়া গেছে। যেহেতু সরকারীভাবে বিতরন করা হচ্ছে সেহেতু হতদরিদ্রদেরই এ রেশন কার্ড পাওয়া উচিত। এ অবস্থায় বিষয়টির তদন্তের দাবি করে হতদরিদ্র মানুষদের নিয়ে তালিকা করে দল-মত নির্বিশেষে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন কার্ড বরাদ্দ করার দাবি জানানো হয় প্লাটফর্মের পক্ষ থেকে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, বিএনপি নেতা এড. রিয়াজ, সাংবাদিক সাইফুর রহমান মিরন, খ্রিস্টান এসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক এলবার্ট রিপন বল্লভ প্রমুখ।
এব্যাপারে ‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এর সমন্বয়কারী ও বাসদ নেত্রী ডা: মনীষা চক্রবর্তী বলেন, যারা সরকারে ক্ষমতায় আছেন তারাই এধরনের দলীয়করন করেছেন নগরীতে। ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে এধরনের অভিযোগ এসেছে। যেকারনে মঙ্গলবার বিষয়টি তদন্তের জন্য বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২০২০-০৫-০৫
