২৪ ঘণ্টায় শনাক্ত ১২০২, মৃত্যু ১৫

Spread the love

নাগরিক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২০২ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। মোট মৃত্যু হলো ২৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। সুস্থ হয়ে ওঠার মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৮২ জন।
শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৫৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১২০২ জন শনাক্ত হয়েছেন।
নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ১৫ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৬১৯ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *