নাগরিক রিপোর্ট: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্যর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত পুলিশ সদস্য মো: সোহেল মাহমুদ (৩৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডায়াবেটিস, জ্বর, কাশি এবং শ্বাস কষ্ট নিয়ে বুধবার রাত ৯টার দিকে সোহেল মাহমুদকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটে মারা যান তিনি।
এদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে, সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।##
২০২০-০৫-২৮
