নাগরিক রিপোর্ট: সড়কে থ্রি হুইলার চলতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে বরিশালে টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ১৭ রুটে শুক্রবার সকাল ৭টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় পূনরায় বাস চলাচল শুরু হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মেট্রো এলাকার আওতাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সস্মুখে বাস মালিকদের লাঠিয়াল বাহিনী ৩ চাকার পরিবহন চলাচলে বাধা প্রদান করে আসছে। এতে নাজেহাল হচ্ছে সাধারন গ্রাহক। এ নিয়ে ‘তিন চাকার ঈদ যাত্রীরা বাস মালিকদের লাঞ্চনার শিকার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাংচুর হয়েছে বলে নগরীর রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবী করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারন পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারন সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে জানান। পরিমল চন্দ্র দাস বলেন, যারা সংঘর্ষে জড়িয়েছে তারা টেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য নন।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করছে। বাস-মালিক শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি হুইলার বন্ধের চেস্টা করে। এ সময় টেম্পু শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের উপর হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর করে। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষনিক রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনা¯’লে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।
এব্যপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাা নেয়া হবে। দুই পক্ষের সাথে এ বিষয়ে কথা বলা হবে।
প্রসঙ্গত বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্ট বসিয়ে থ্রি-হুইলার চলতে বাঁধা দিচ্ছে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। তাদের বিরুদ্ধে টেম্পু শ্রমিকদের মারধর, যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ নিত্যদিনের ঘটনা। এ নিয়ে টেম্পু মালিক-শ্রমিকদের সঙ্গে বাস মালিকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। যদিও বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কে থ্রী হুইলার যানবহন চলাচলের বৈধতা আছে। বাস মালিকরা অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্টের নামে টেম্পু চলাচলে বাঁধা দিচ্ছে।
