নাগরিক রিপোর্ট: জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বরিশালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় সদর বিবির পুকুরের দক্ষিন পাড়ে আওয়ামীলীগ কার্যলয় সংলগ্ন চত্বরে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে জেলা আওয়ামীলীগের পক্ষে জেলার সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস শ্রদ্ধা জানান। মহানগরের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগরের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। এছাড়া আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
পরে আওয়ামীলীগ কার্যালয়ে জেলার সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
