বাইডেনের ২৭০ ছুইছুই

Spread the love

নাগরিক ডেস্ক: ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছেছেন। নেভাদা বা জর্জিয়ায় জিতলেই তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যাবেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সর্বশেষ ফলাফলে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪ আর ট্রাম্পের ২১৪।

মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনো ফলাফল স্পষ্ট হয়নি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান কমে এসেছে। সেখানে ১০ শতাংশের কম ডাকযোগে আসা ভোট গণনা বাকি আছে। সব মিলিয়ে ২৬ লাখ ১৮ হাজার ৫৬৫ ব্যালটের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৬৬ ব্যালট গণনা বাকি। এর মধ্যে ফিলাডেলফিয়াতে ৭২ হাজার ৪৭০ ব্যালট গণনা বাকি। এ শহরের ২০ শতাংশ ভোট অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ব্যালট। এ অঙ্গরাজ্যটিতে মাত্র দশমিক ৬ শতাংশ ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাইডেন যদি এখানে জিতে যান তবে তাঁর ভোটসংখ্যা ২৭০ পার হয়ে যাবে।
বিজ্ঞাপন

পেনসিলভানিয়ার মতো পরিস্থিতি জর্জিয়াতেও। ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে এখানে। জর্জিয়াতে এখনো সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সর্বশেষ তথ্য অনুসারে, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র ১ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ডাকযোগে আসা ভোট বাইডেনকে সুবিধাজনক অবস্থায় রেখেছে।

নেভাদাতেও এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৮৪ শতাংশ ভোট গণনার ট্রাম্পের চেয়ে বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৩ নভেম্বর নির্বাচনের দিন সিল মারা ডাকযোগে আসা ভোটও গণনায় ধরা হবে। সে হিসাবে ১০ নভেম্বর পর্যন্ত ভোট হিসাবের মধ্যে আসবে অঙ্গরাজ্যটিতে।

সিএনএনের সর্বশেষ তথ্য অনুসারে, এ অঙ্গরাজ্যে ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে ছিলেন বাইডেন। এখানে মোট ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। বাইডেন এখানে জিতলেই তাঁর ২৭০ ইলেক্টোরাল ভোট পূর্ণ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *